কিশোর গঞ্জ জেলা ভৈরব মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইমান খান (১৯) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ঈসা মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাবার মোবাইলের মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান। পথিমধ্যে আগে থেকেই ওত পেতে থাকা প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার প্রস্তুতির মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, আগানগর ইউনিয়নের ‘পাগলা বাড়ি’ ও ‘শেখ বাড়ি’র মধ্যে দীর্ঘ ৭-৮ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা ইছা মিয়া অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার কারণে শেখ বাড়ির ১৫-২০ জন আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।”
নিহতের চাচা হাজি আব্দুস সাদেক বলেন, “মজনু শেখ ও গোলাপ শেখ গংদের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ভৈরব থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।
প্রিন্ট
মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক 


















