কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ইং সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭,কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যরিষ্টার মাহবুবুল আলম সালেহী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহামুদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উলিপুর উপজেলার বিভিন্বান বাজারে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে উপজেলা প্রশাসন। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সভায় উলিপুর পৌর শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ দখলমুক্তকরণ এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। তিনি রমজান মাসে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দেন এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না বলে জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহামুদুল হাসান বলেন, জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং যানজট নিরসনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট
মোঃ রেজাউল ইসলাম 



















