লালমনিরহাটে দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (১ মার্চ ২০২৬ ইং ) দায়রা জজ আদালতের বিচারক মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি, মো: ফারুক হোসেন (পলাতক) জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট বিকেলে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা দামুদ্দার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল সহ ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৯৩ বোতল কোডিন মিশ্রিত আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ১১ আগস্ট কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। যার দায়রা মামলা নং–৯৩/২০২৩; জি.আর–৩২৭/২০২২)।
আদালতের পর্যবেক্ষণের রায়ে উল্লেখ রয়েছে , উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করা হলো। আসামি পলাতক থাকায় তিনি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে সেই সময় কারাদণ্ড থেকে বাদ যাবে।
এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন আদালত। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের আদেশাংশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী
কে, এম, হুমায়ুন রেজা স্বপন, পিপি, লালমনিরহাট দায়রা জজ আদালত বলেন, “আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ন্যায়সঙ্গত রায় দিয়েছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিলের বিষয়টি আমরা স্বাক্ষীদের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায় মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আদালতের এ ধরনের কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।
মোবাইল : ০১৩১৭২৪৭৭৩৯
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@